কক্সবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার আলিয়া আকবর ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি কাটা বন্দুক, ৪টি রাইফেলের খোসা, ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- এরফান উল্লাহ প্রকাশ এরফান মাঝি (৩২) ও তার সহযোগী নুর হোসেন।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদার ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, “অস্ত্র উদ্ধারে গেলে এরফান মাঝির দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, “নিহত এরফানের বিরুদ্ধে হত্যা, খুনসহ ৭টি মামলা রয়েছে। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”