কাম্প ন্যু কোনো তীর্থস্থান নয়: লিভারপুল কোচ

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে বার্সেলোনার মাঠে খেলা নিয়ে মোটেও ভীত নন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তার মতে, কাম্প ন্যু কোনো তীর্থস্থান নয়। বরং লা লিগা চ্যাম্পিয়নদের মাঠে দলের জয় নিয়ে প্রত্যয়ী তিনি।

বুধবার বাংলাদেশ সময় রাত একটায় চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মাঠে খেলতে নামবে লিভারপুল। আগামী ৭ মে অ্যানফিল্ডে হবে দল দুটির ফিরতি লেগের লড়াই।

এবারের মৌসুমে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। তিন ম্যাচ হাতে রেখেই লা লিগা নিশ্চিত করেছে তারা। দাপটের সঙ্গে নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল। নিজেদের মাঠে দলটি আরও বেশি ছন্দে। নিজেদের মাঠে চলতি চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে তারা।

তবে ছন্দে থাকা বার্সেলোনার মাঠে খেলা একটুও ভীত নন লিভারপুল কোচ- “কাম্প ন্যু কেবল একটি স্টেডিয়াম। হ্যাঁ, এটা খুব বড় স্টেডিয়াম। তবে এটা ফুটবলের কোনো তীর্থস্থান নয়।”

“কোনো একটা পর্যায়ে এখানে খেলতে হতোই। এখানে অন্যান্য দলগুলোর বাজে সময় সময়টা আপনারা দেখেন। এবার আমরা এটার অভিজ্ঞতা অর্জন করব। যদিও আমরা আশা করছি, অবশ্যই আমরা ভালো খেলব।”

“আপনি যখন বার্সেলোনার বিপক্ষে খেলবেন, নিশ্চিতভাবে আপনি ফেভারিট থাকবেন না। তবে ফুটবল সমর্থকদের জন্য এটা দারুণ একটি ম্যাচ হবে।”

দারুণ ছন্দে আছে লিভারপুলও। ইংলিশ প্রিমিয়ার লিগে গত সাত ম্যাচের সবকটিতেই জয় নিয়ে শিরোপার জয়ের জোরালো সম্ভাবনা ধরে রেখেছে তারা। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি থেকে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে অল রেডরা। সব ধরনের প্রতিযোগিতায় তারা গত দশ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে দলটি।