মুকসুদপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামাল শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮। মঙ্গলবার ভোরে তাকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শরীফাবাদ বাজার এলাকা থেকে আটক করে মুকসুদপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

জানা গেছে, গত ১৯ এপ্রিল শুক্রবার ভোরে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রী মক্তব থেকে পড়া শেষ করে বাড়ি ফিরছিল। এ সময় একই গ্রামের রাজু শেখের ছেলে জামাল শেখ (৩৫) ওই ছাত্রীকে ফুসলিয়ে পার্শ্ববর্তী ঝোঁপে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন আসলে জামাল শেখ পালিয়ে যায়। পরে মুকসুদপুর থানায় এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়।

র‌্যাব অফিস সূত্রে জানা গেছে, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য ভিকটিমের পরিবার র‌্যাবের সহায়তা চায়। র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে মঙ্গলবার রাত আনুমানিক ৩টার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন শরীফাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত জামাল শেখকে আটক করে।

আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করেছে বলেও জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।