পাঁচ বছর পর নতুন ভিডিওতে দেখা গেল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদিকে। এতে আইএস নিয়ন্ত্রিত মধ্যপ্রাচ্যের বিশাল এলাকা হারানোর প্রতিশোধের ঘোষণা দিলেন তিনি।
বিবিসি জানায়, ভিডিওটি আইএস নিয়ন্ত্রিত আল-ফুরকান মিডিয়া নেটওয়ার্কে প্রকাশ করা হয়। তবে কখন এটি রেকর্ড করা হয় সেটি এখনো নিশ্চিত করা যায়নি। আইএসের দাবি, ভিডিওটি এপ্রিলের।
২০১৪ সালে কুখ্যাত জঙ্গি নেতা আল-বাগদাদিকে প্রথম প্রকাশ্যে আসেন। সেবার মসুল থেকে তিনি সিরিয়া এবং ইরাকে আইএস নিয়ন্ত্রিত কথিত ‘খিলাফত’ ঘোষণা করেন।
ইরাক ও সিরিয়ায় ৮৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল নিয়ে আলাদাভাবে আলাদা এই শাসন ব্যবস্থা চালু করে আইএস।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বিশেষজ্ঞদের মাধ্যমে ভিডিওটির নির্ভরযোগ্যতা যাচাই করা হবে।
তিনি বলেন, ‘আইএস নেতাদের যে শাস্তি পাওয়া উচিত, মার্কিন নেতৃত্বাধীন জোট তা নিশ্চিত করবে।’
গত মার্চে সিরিয়ায় আইএসের শেষ দূর্গের পতন হয়। সেইসঙ্গে অবসান ঘটে আইএসের গত পাঁচ বছরের কথিত খিলাফতের।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে অস্তিত্ব হারানো আইএস এখন বিশ্ববাসীর জন্য আরও বড় হুমকি হয়ে উঠছে।
এ অঞ্চল থেকে উচ্ছেদ হওয়ায় এখন জঙ্গি সংগঠনটি নাইজেরিয়া, ইয়েমেন, আফগানিস্তান এবং ফিলিপাইনের মতো দেশে ছড়িয়ে পড়ছে।
নিজেদের খিলাফত হারালেও সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে জঙ্গি সংগঠনটি। গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে হামলা চালায় আইএস।
তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটায় তারা। পরে হয় আরও দুটি। আত্মঘাতী এ হামলায় নিহত হয় ২৫৩ জন মানুষ। আহত হয় আরও ৫০০ জন।