সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন মাহি

ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

দেশ রূপান্তরকে মাহি বলেন, ‘সোমবার একটি ছবির শুটিংয়ে অংশ নিতে শ্রীমঙ্গল যাচ্ছিলাম। ভৈরবের দুর্জয় মোড়ে দুর্ঘটনার শিকার হই। তবে আমি ভালো আছি। ক্ষতিগ্রস্ত হয়েছে আমার প্রাইভেটকার।’

মাহি সুস্থ আছেন জানিয়ে বলেন, আল্লাহর রহমতে বেঁচে গেছি। এখন ঢাকায় ফিরে এসেছি।

তিনি জানান, ঢাকা থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন মাহি। ভৈরবের দুর্জয় মোড়ে ঢাকা-মহাখালীগামী ‘বস পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়ে মাহির প্রাইভেটকারের। দুর্ঘটনায় মাহির প্রাইভেটকারের হেডলাইটসহ কারের সামনের কিছু অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে সঙ্গেই পুলিশের সহযোগিতা নেন মাহি। ভৈরবের পুলিশকে ঘটনাটি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে ‘বস পরিবহন’ এর যাত্রীবাহী বাসটি আটক করে থানায় নিয়ে আসে। এ সময় মাহিও তার গাড়ি নিয়ে থানায় উপস্থিত হন।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান বস পরিবহনের প্রতিনিধি মিজানুর রহমান পাটোয়ারীকে খবর দিয়ে ঘটনা জানিয়ে ক্ষতিপূরণ বাবদ ১৫ হাজার টাকা জরিমানা করেন।

উল্লেখ্য, মাহি নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। ভৈরব বাসস্ট্যান্ড মোড়ে সিগনালে গাড়ি থামালে হঠাৎ করে বাসটি তার গাড়িকে ধাক্কা দেয়। এদিকে তিনি ক্ষতিপূরণও পেয়েছেন।সোমবার রাত ১০টায় ভৈরব পুলিশ ঢাকা বস পরিবহন মালিকের কাছে ক্ষতিপূরণ বাবদ ১৫ হাজার টাকা নিয়ে রাতেই নায়িকা মাহির দেওয়া বিকাশ নম্বরে পাঠিয়ে দেন।