মঙ্গোলিয়াকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করলেন মনিকা চাকমা। দ্বিতীয়ার্ধে গোল পেলেন মার্জিয়া ও তহুরা খাতুন। এই তিনের নৈপুণ্যে মঙ্গোলিয়াকে উড়িয়ে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। আগামী ৩ মে লাওসের বিপক্ষে শিরোপার জন্য লড়বে লাল-সবুজের মেয়েরা।

অসংখ্য সুযোগ হাতছাড়া না হলে এদিনও বাংলাদেশ জিততে পারত বেশ বড় ব্যবধানে। কিন্তু গ্রুপ পর্বের দুই ম্যাচের মতো এদিনও ফিনিশিং লাইনে দুর্বলতা থেকে গেছে বাংলাদেশের।

যদিও ফরোয়ার্ড লাইনের দুই প্রধান অস্ত্র কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্নাকে ছাড়াই এদিন মাঠে নামতে হয় বাংলাদেশকে। দুজনই ইনজুরির কারণে এ ম্যাচে ছিলেন না। কৃষ্ণার জায়গায় সুযোগ পাওয়া মার্জিয়ার একটি গোল করেছেন দ্বিতীয়ার্ধে।

স্বপ্নার জায়গায় শুরুর একাদশে মাঠে নামা সাজেদা অবশ্য সুযোগ সেভাবে কাজে লাগাতে পারেননি। তার জায়গায় পরে বদলি নেমে গোল করেন তহুরা খাতুন। আর প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত গোলে বাংলাদেশকে লিড এনে দেন মনিকা চাকমা। পরে তার এসিস্ট থেকেই দ্বিতীয় গোলটি করেন মার্জিয়া। তহুরার গোলেও রয়েছে তার অবদান। মধ্যমাঠ থেকে বল জোগান দিয়েছিলেন মনিকা।

প্রথমার্ধের যোগ করা সময়ে মনিকার গোলটি ছিল দেখার মতো। দুর্দান্ত ভাবে শূন্য থেকে বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। এরপর ডি-বক্সের বাইরে থেকে জোরালো ভলিতে বল জালে জড়ান তিনি।

৬৯ মিনিটে মনিকার বাড়ানো বলে দুর্দান্ত ফিনিশিং ছিল মার্জিয়ার। ৮৫ মিনিটে তহুরা গোল করে দলের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।