রমজানে মদ-জুয়া বন্ধ রাখার আহ্বান মেয়রের

রমজানের পবিত্রতা রক্ষার্থে হোটেল-রেস্তোরাঁ, ক্লাব-বার মালিকদের মদ, জুয়া এবং হাউজি খেলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মঙ্গলবার নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়ামে হোটেল, রেস্তোরাঁ, ক্লাব-বার, ফল ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি ।

জনস্বার্থ রক্ষায় মেয়র সাঈদ খোকন সেহেরি এবং ইফতারে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এবং দিনের বেলায় রোজাদারদের যেন কোনও সমস্যা না হয়, সে জন্য পর্দা দিয়ে সীমিত পরিসরে হোটেল চালানোর জন্য হোটেল ও রেস্তোরাঁর মালিকদের প্রতি আহ্বান জানান।

কেমিক্যালমুক্ত ফল বিক্রির মাধ্যমে রোজাদারদের সেবা দিয়ে সওয়াব আদায় করতে ফল ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে মেয়র বলেন, ‘রোজার সময় করপোরেশনের অধিভুক্ত এলাকার পাঁচটি অঞ্চলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভায় সভাপতিত্বে করেন।