রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারকে নজরদারী করতে হবে বলে মন্তব্য করেছেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি জনাব গোলাম রহমান। পাশাপাশি ব্যবসায়ীসহ সবাইকে সততা এবং নিষ্ঠার সাথে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে আইনের সুষ্ঠ প্রয়োগ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ক্যাব এর সভাপতি জনাব গোলাম রহমান।
মঙ্গলবার সকালে রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ক্যাবের এর উদ্যোগে- আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘দ্রব্য ও সেবার মূল্য স্থিতিশীল এবং নিরাপদ খাদ্য প্রাপ্তির জন্য পরামর্শ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
গোলাম রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবমতে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, উৎপাদন ও আমদানি সন্তোসজনক পর্যায়ে আছে। কিন্তু রোজা শুরুর এক-দুই মাস পূর্বেই বেশ কিছু পণ্যের দাম কেজিতে ১০-৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রোজা সামনে রেখে এই দামবৃদ্ধির প্রবণতা আরও বাড়তে পারে।
গোলাম রহমান ভোক্তাদের উদ্দেশে বলেন, আপনারা আতঙ্কিত হয়ে একসাথে বেশি পণ্য কিনবেন না। অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ করার জন্য যদি কেউ কোন অপরাধ করে তাদের জন্য আইনের যথাযথ ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ক্যাব এর সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর ভুইয়া, ক্যাব এর ভোক্তা অভিযোগ নিস্পত্তি জাতীয় কমিটির আহবায়ক স্থপতি মোবাশ্বের হোসেন ও ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম প্রমুখ।