টটেনহ্যামকে হারিয়ে ফাইনালের পথে আয়াক্স

ম্যাচের শুরুর দিকের গোলে টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে আয়াক্স। সেমি-ফাইনালের প্রথম লেগের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার জোরালো সম্ভাবনা তৈরি করেছে নেদারল্যান্ডসের ক্লাবটি।

লন্ডনে মঙ্গলবার রাতে ক্লাব ফুটবলে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতার শেষ চারের প্রথম লেগের লড়াইয়ে ১-০ গোলের জয় পায় আয়াক্স। একমাত্র গোলটি করেন ডাচ মিডফিল্ডার ডনি ফন দে বেক। প্রতিপক্ষের মাঠে এই গোলে ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে রইল ১৯৯৪-৯৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন আয়াক্স।

অন্যদিকে, নিজেদের মাঠে হারে ফাইনাল নিয়ে অনেকটাই অনিশ্চয়তায় পড়ে গেল টটেনহ্যাম। আমস্টার্মে ৮ মে হবে দল দুটির ফিরতি লেগের লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ফাইনালে উঠতে আয়াক্সের মাঠে কমপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিততে হবে।

খেলা শুরুর পঞ্চদশ মিনিটে আয়াক্সকে এগিয়ে নেন ফের দে বেক। মিডফিল্ডার হাকিম জিয়েচের রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়। এর আগে ইউভেন্তুসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে আয়াক্সের ২-১ ব্যবধানের জয়ের ম্যাচেও গোলের দেখা পেয়েছিলেন মাঝ মাঠের এই খেলোয়াড়।

টটেনহ্যাম অবশ্য ম্যাচটিতে পূর্ণ শক্তির আক্রমণভাগ পায়নি। চোটের কারণে ম্যাচটিতে ছিলেন না তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। ছিলেন না ছন্দে থাকা দক্ষিণ কোরিয়ান উইঙ্গার সন হিউং-মিন।

ম্যাচে সমতা ফেরানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি টটেনহ্যাম। জাল অক্ষত রাখে আয়াক্স। শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করতে পারত দলটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দাভিদ নেরেসের জোরালো শট লাগে পোস্টে।