শর্ট স্কার্ট পরায় তরুণীদের ধর্ষণ করতে বলল আরেক নারী! (ভিডিও)

শর্ট স্কার্ট পরায় একটি রেস্টুরেন্টের লোকজনকে একদল তরুণীকে ধর্ষণ করতে বললেন মধ্যবয়সী এক নারী। এনিয়ে ওই নারীর সঙ্গে তুমুল তর্কে জড়ায় ওই তরুণীরা।

ভারতের দিল্লির ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণী ওই নারীকে ঘিরে ক্ষমা চাইতে বলছে, অন্যথায় ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছে।

নয় মিনিটের বেশি সময়ের ওই ভিডিওটি শেয়ার দিয়ে শিবানি গুপ্তা নামের একজন দাবি করেছেন, “ভিডিওতে আপনারা যে মধ্যবয়সী নারীকে দেখবেন, তিনি রেস্টুরেন্টের সাতজন পুরুষকে বলেছে আমাদের ধর্ষণ করতে; কারণ তিনি মনে করছেন- ছোট জামা পরার কারণে এটা আমাদের প্রাপ্য।”

এনডিটিভি জানায়, রেস্টুরেন্টে ওই ঘটনার পর শিবানি এবং তার বন্ধুরা ওই নারীকে পার্শ্ববর্তী একটি শপিং সেন্টারে অনুসরণ করতে থাকেন এবং সেখানে তাকে ক্ষমা চাইতে চাপ দেন।

ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, “এই মুহূর্তে ক্ষমা চান। যদি ক্ষমা না চান, আমি আপনার জীবন নরক বানিয়ে ছাড়ব- আমি প্রতিজ্ঞা করছি। আমি আপনাকে ভাইরাল করে ছাড়ব।”

এতে দেখা যায়, একদল তরুণী ওই নারীকে অনুসরণ করছে এবং তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। অজ্ঞাত ওই নারীকে পাশ কাটিয়ে চলে যেতে দেখা যায় এবং তিনি ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান। পরে ওই তরুণীদের সঙ্গে আরও এক তরুণী যোগ দেন এবং তাদের হয়ে কথা বলতে থাকেন।

প্রায় আট মিনিট পর ওই নারী মোবাইল ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে বলেন, “ওহে বন্ধুরা, এই নারীরা অন্যদের মনযোগ কাড়তে ছোট থেকে ছোটতর জামা পরতে চায়। ঠিক আছে? ওয়াও, খুব ভালো! ছোট জামা পরে থাকে কিংবা নগ্ন থাকে সেসব নারীই ধর্ষিত হোক। এই যে সবাই, আপনারা যদি বাবা-মা হয়ে থাকেন, মেয়েদের কন্ট্রোল করেন।”

এসময় ওই তরুণীদেরকেও ওই নারীরা সঙ্গে সঙ্গে তার মতো করে শব্দগুলো উচ্চারণ করে ঠাট্টা করতে দেখা যায়।