‘অ্যাভেঞ্জার্স’ তারকাদের পারিশ্রমিক শুনলে কপালে উঠবে চোখ

প্রকাশ হয়েছে ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের তারকাদের পারিশ্রমিকের অঙ্ক। যা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে জানা যায়, সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন আয়রন-ম্যান তারকা রবার্ট ডাউনি ‍জুনিয়র। এককালীন চেকের পাশাপাশি সিনেমার আয় থেকে পেয়ে থাকেন লভ্যাংশ।

ওই প্রতিবেদনে বলা হচ্ছে, শুধু ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ সিনেমা থেকেই ডাউনি আয় করেছেন সাড়ে ৭ কোটি ডলারের বেশি। এর আগের বছর ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমার তিন দিনের শুটিং বাবদ তার পকেটে ঢুকেছে ৫০ লাখ ডলা্র।

‘এন্ডগেম’-এর সাফল্য থেকে বোঝা যাচ্ছে তার আয় আগের যে কোনো সময়কে ছাড়াবে।

এদিকে সামনে আসতে যাওয়া ‘ব্ল্যাক উইডো’র একক সিনেমার জন্য স্কারলেট জোহানসনের পকেটে যাচ্ছে ২ কোটি ডলার। ছবিটি প্রযোজনা বাবদ পাবেন আরও বড় অঙ্ক। এ ছাড়া মার্ভেল সিনেমাটিক ইউনির্ভাসের বাকি কিস্তিগুলোর জন্যও কাছাকাছি টাকা পান তিনি।

থর চরিত্রের অভিনেতা ক্রিস হেমওর্থ ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের সর্বশেষ দুই কিস্তির প্রতিটির জন্য পেয়েছেন দেড় থেকে ২ কোটি ডলার করে। একই অঙ্ক যাবে ক্যাপ্টেন আমেরিকা ক্রিস ইভান্সের পকেটে।

জো ও অ্যান্থনি রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ২৪ এপ্রিল চীনে মুক্তি পেয়ে প্রথম দিনেই আয় করে ১০ কোটি ডলারের বেশি। একই দিন আরও কয়েকটি দেশে মুক্তি পায়। তবে যুক্তরাষ্ট্র, ভারতসহ অন্যান্য দেশে মুক্তি পায় ২৬ এপ্রিল। সব মিলিয়ে রোববার পর্যন্ত আয় করে ১২০ কোটি ডলার। বর্তমানে সারা বিশ্বের সব রেকর্ড ছাড়িয়ে সেই আয় দাঁড়িয়েছে ১৩৮ কোটি ডলার। ধারণা করা হচ্ছে, লাইফ টাইমে ছাড়িয়ে যাবে ‘অ্যাভাটার’-এর ২৭০ কোটি ডলার আয়কে।