চুয়াডাঙ্গার দামুড়হুদায় গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় মিলন হোসেন (২৩) নামে এক কারারক্ষীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার রুদ্রনগর গ্রামের একটি বাগান থেকে তাকে উদ্ধার করা হয়।
মিলনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
মিলন হোসেন দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি গ্রামের মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর ছেলে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৩ এপ্রিল কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন মিলন। গত ২৮ এপ্রিল তার ছুটি শেষ হয়ে যাওয়ায় সেদিন তিনি বাড়ি থেকে কর্মস্থল যশোরের উদ্দেশে রওনা হন।
পথে গলাইদড়ি ব্রিজ এলাকা থেকে নিখোঁজ হন মিলন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিলেন না। পরে বুধবার পার্শ্ববর্তী রুদ্রনগর গ্রামের একটি বাগানে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কোনো দ্বন্দ্বের কারণে তাকে তুলে নিয়ে গিয়ে বেঁধে রাখা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে কারারক্ষী মিলনের সৎ ভাই হাসমত আলী, ভাগ্নে মানিক ও নাঈমকে আটক করেছে পুলিশ।