ব্রাজিল দূতাবাসে আশ্রয় চেয়েছে ভেনেজুয়েলার ২৫ সেনা

অব্যাহত রাজনৈতিক সংকটের মধ্যে এবার ভেনেজুয়েলার অন্তত ২৫ সেনা কারাকাসে ব্রাজিলের দূতাবাসে আশ্রয় চেয়েছে।

ব্রাজিলের সিনিয়র এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার একথা জানায়।

এদিকে ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর সঙ্গে সেনারা যোগ দিয়েছে বলে তিনি দাবি করেছেন।

তবে নতুন করে ‘অভ্যুত্থান চেষ্টার’ বিপক্ষে নিজেকে বিজয়ী দাবি করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার এই ঘোষণার মধ্যেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর মুখপাত্র জানান, দূতাবাসে আশ্রয় চেয়ে যারা আবেদন করেছে তাদের মধ্যে সেনা সদস্য ও লেফটেন্যান্ট রয়েছে।

বাসস জানায়, গুয়াইদো ভেনেজুয়েলার ‘স্বৈরশাসকের কৃতদাসদের’ প্রতি তার সমর্থনের কথা ব্যক্ত করার পর রাজনৈতিক আশ্রয়ের জন্য এসব আবেদন করা হয়।

গুয়াইদো মাদুরোকে স্বৈরশাসক হিসেবে অভিহিত করেন। তিনি প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।

গত বছরের শেষের দিকে বিতর্কিত নির্বাচনের মধ্যে দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেন মাদুরো। বিরোধী দল তাকে মেনে নিতে অস্বীকৃতি জানালে দেশটিতে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়। অধিকাংশ দেশ এ নির্বাচনকে স্বীকৃতি না দিলে পরিস্থিতি আরও ঘনীভূত হয়।

নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা দিয়ে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা হুয়ান গুয়াইদো দাবি করেছেন, যখন প্রেসিডেন্ট ‘অবৈধ’ হবেন, তখন সংবিধান অনুযায়ী তার ক্ষমতা গ্রহণের বিধান রয়েছে।

গুয়াইদোকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রাজিলসহ প্রায় ৫০ দেশ সমর্থন দিয়েছে। অন্যদিকে মাদুরোর পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন ও তুরস্কসহ কয়েকটি দেশ।