উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত।
জামিন নিয়ে পালিয়ে থাকায় অ্যাসাঞ্জকে এ সাজা দেওয়া হয় বলে আদালত জানান।
প্রায় সাত বছর আগে যুক্তরাজ্যের একটি আদালত থেকে জামিন নেয়ার পর লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। বিচার এড়াতে সেখান থেকে তিনি আর বের হননি।
অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ২০১০ সালে পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন।
যার মধ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আফগান যুদ্ধসম্পর্কিত ৭৬ হাজার এবং ইরাক যুদ্ধ সম্পর্কিত আরো ৪০ হাজার নথি ছিল।
গোপন নথি ফাঁসের অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা চলছে।
ইকুয়েডর সরকার শুরুতে অ্যাসাঞ্জকে দৃঢ় সমর্থন করলেও গত মাসে লন্ডন পুলিশের হাতে তাকে তুলে দেয়।