আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে মালয়েশিয়ায় জেমসের কনসার্ট ঘিরে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। প্রথম দিকে জেমস আদৌ আসবেন কি না, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন মালয়েশিয়ায় থাকা ভক্তরা। আয়োজকরাও ভেন্যুর ধারণ ক্ষমতার চেয়ে ৫০০ আসন কম টিকিটের ব্যবস্থা করেছিলেন। কিন্তু জেমস মালয়েশিয়ায় উদ্দেশে রওনা দিয়েছেন, খবর পেয়েই পরিস্থিতি পাল্টে যায়। ‘জেমস নাইট’ কনসার্টের টিকিটের তুমুল চাহিদার মুখে আয়োজকরাও মিলনায়তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অবশিষ্ট ৫০০ টিকিটের ব্যবস্থা করেন।
আয়োজন প্রতিষ্ঠান এম আর প্রোডাকশনসের অন্যতম কর্ণধার মাইদুল রাকিব এ খবর জানিয়ে একটি ফেসবুক পোস্টে লেখেন, ‘নগরবাউল জেমস এখন মালয়েশিয়ায়। নগরবাউল জেমসের ভক্তদের কথা মাথায় রেখে, আমাদের পূর্বের সকল টিকিট শেষ হওয়ায় মিলনায়তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বল্প মূল্যে মাত্র ৫০ রিঙ্গিতের (১০২০ টাকা প্রায়) ৫০০টি নতুন টিকিট আপনাদের মাঝে নিয়ে এসেছে “জেমস নাইট”। আর দেরি নয়, প্রথমবার নগরবাউলের গান উপভোগ করুন।’
মালয়েশিয়ায় জেমসকে নিয়ে আয়োজিত বিশেষ এই কনসার্টের টিকিটের মূল্য আসন ভেদে নির্ধারণ হয়েছে ১০০ ও ২০০ মালয়েশীয় রিঙ্গিত (২০৪১ ও ৪০৮২ টাকা প্রায়)।
মে দিবস উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশেষ এই কনসার্টের আয়োজন করছে এম আর প্রোডাকশন। বুধবার বিকেল পাঁচটা থেকে মধ্যরাত পর্যন্ত, কুয়ালালামপুরের ইন্টিগ্রেটেড কমার্শিয়াল কমপ্লেক্সের এইচএক্সসি গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে ‘জেমস নাইট’।
স্থানীয় সময় রাত আটটার পর জেমসের মঞ্চে ওঠার কথা। ‘জেমস নাইট’–এ অংশ নিতে বাংলাদেশ থেকে আরও গেছেন সিনেমা ও গানের বেশ কয়েকজন শিল্পী। তাঁদের মধ্যে চিত্রনায়ক নীরব, মডেল পিয়া বিপাশা ও ‘মীরাক্কেল’খ্যাত আবু হেনা রনি অন্যতম।
মালয়েশিয়া পৌঁছার পর সেখানকার ভক্তদের উদ্দেশে বুধবার সকালে জেমস ভিডিওবার্তায় বলেন, ‘বন্ধুরা, সবার সঙ্গে দেখা হচ্ছে। কুয়ালালামপুরে। গান হবে, কথা হবে।’
কনসার্ট শেষে বৃহস্পতিবার বাংলাদেশে ফিরবেন জেমস।