ভারতের ত্তরপ্রদেশের বারানসী লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে শুক্রবার মনোনয়নপত্র জমা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার সকালে দলের নেতাকর্মীদের সঙ্গে সমাবেশ শেষ করে বারানসী কালেক্টরেটে মনোনয়ন জমা দেন তিনি। তবে একজন সাধারণ প্রার্থীর মতোই তাকে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাউকে এ সময় উঠে দাঁড়াতে দেখা যায়নি। ভারতের গণমাধ্যমে এর প্রসংশা হয়েছে অনেক।
এ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় কর্মীদের উদ্দেশ্যে মোদি বলেন, এই প্রথম স্বাধীনতার পর গোটা দেশে বিজেপির পক্ষে হাওয়া বইছে। নেতিবাচক আলোচনায় যোগ দেবেন না।
গতবার এই কেন্দ্র থেকে প্রায় ৬ লাখ ভোট পেয়েছিলেন মোদি। দ্বিতীয় স্থানে ছিলেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল আর তৃতীয় স্থানে ছিলেন কংগ্রেসের অজয় রায়। এবার এই আসন থেকে মোদির বিপক্ষে প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনে লড়ার গুঞ্জন শোনা গেলেও শেষমেষ পুরনো প্রার্থী অজয় রায়ের ওপরই আস্থা রেখেছে কংগ্রেস।