রাজধানীতে আনসার আল ইসলামের পাঁচ সদস্য আটক

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- মো. সাইফুল্লাহ (২৬), আব্দুল আলীম (২২), ফয়জুল্লাহ (১৮), জহিরুল ইসলাম (১৯) ও মাইনুদ্দীন ওরফে সজীব (১৯)।

মঙ্গলবার দিবাগত রাতে যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০টি ডেটোনেটর ও দু’টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, তারা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।