কঙ্গনা রনৌতের জবানের হুল থেকে বাদ পড়ছে না বলিউডের কেউ। তবে চিকিৎসকদের আপত্তি নিয়ে একদমই চুপ তিনি। ইতিমধ্যে নায়িকার পরের সিনেমা ‘মেন্টাল হ্যায় ক্যায়া’র নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক।
একতা কাপুরের প্রযোজনায় এই সিনেমায় কঙ্গনার সঙ্গী হয়েছেন রাজকুমার রাও।
সম্প্রতি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ও মনোচিকিৎসকদের একটি সংগঠন ‘মেন্টাল হ্যায় ক্যাো’ নামটি নিয়ে আপত্তি তোলে। তাদের দাবি নামটি মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য সম্মানহানিকর।
অবশ্য প্রযোজক জানিয়েছেন কাউকে আঘাত করার ইচ্ছা ছিল না তাদের। কঙ্গনার বোন রঙ্গোলি জানান, তারা সিনেমাটির মাধ্যমে সবাইকে সচেতন করতে চান।
ছবিতে আত্মহত্যা নিয়ে ফ্যান্টাসিতে ভুগতে থাকা দুই তরুণ-তরুণীর গল্প হাস্য-রসের মাধ্যমে দেখানো হয়েছে।
ভারতীয় একটি সংবাদপত্র জানায়, প্রযোজক ভেবেছিলেন বিতর্ক স্তিমিত হবে। কিন্তু তা ক্রমশ বেড়েই চলেছে। দুটি সংগঠন তথ্য মন্ত্রণালয় বরাবর অভিযোগও দিয়েছে। তাই আর্থিক ক্ষতি সম্মুখীন হয়েও নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সাড়া জাগানো ‘কুইন’ সিনেমার পর ‘মেন্টাল হ্যায় ক্যায়া’র মাধ্যমে আবারও জুটি হলেন কঙ্গনা ও রাজকুমার। প্রথম সিনেমায় নায়ককে কম স্ক্রিন টাইম দেওয়া হলেও এবার দুজনে পাচ্ছেন সমান সমান স্পেস।
প্রকাশ কোভেলামুদি পরিচালিত ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ মুক্তি পাবে ২১ জুন। কিছুদিন আগে প্রকাশ হয়েছে ছবিটির কয়েকটি পোস্টার। যেখানে দুই তারকার লুক উন্মুক্ত হয়েছে।