ভারতে একের পর এক হামলা চালাচ্ছে মাওবাদীরা। মহারাষ্ট্রের গঢ়চিরৌলী, গয়ার পর এবার ছত্তিশগড়ে হামলা চালাল তারা। বুধবার গভীর রাতে এ হামলায় নিহত হয়েছে দুই গ্রামবাসী।
টাইমস অব ইন্ডিয়া জানায়, গত ২৪ ঘণ্টায় এই নিয়ে তৃতীয়বার হামলা চালাল মাওবাদীরা। এর আগে গঢ়চিরৌলীতে রাস্তায় পেতে রাখা আইইডি বিস্ফোরণে উড়ে যায় সি-৬০ কমান্ডোদের একটি গাড়ি। এতে নিহত হয় আধাসামরিক বাহিনীর ১৫ সদস্য।
প্রায় ২০০ জন মাওবাদী হামলা চালায়। মহারাষ্ট্রে গত দুই বছরে নিরাপত্তা বাহিনীর ওপর এত বড় হামলা আর হয়নি।
মাওবাদীরা একই দিনে গয়াতেও হামলা চালায়। বরচাট্টিতে নির্মাণের কাজে ব্যবহৃত চারটি গাড়ি জ্বালিয়ে দেয় ৩০ জনের মতো মাওবাদীদের একটি সশস্ত্র দল। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জেলায় দেশটির আরেক আধাসামরিক বাহিনী সিআরপিএফের গাড়িবহরে এক আত্মঘাতী হামলায় ৪৯ জন সদস্য নিহত হন। সে ঘটনার দায় স্বীকার করে কাশ্মীর ভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন জইশ-ই-মুহাম্মদ।