কাজান মুসলিম চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘ইতি, তোমারই ঢাকা’

তাতারস্তানের রাজধানী কাজানে মঙ্গলবার পর্দা নামে কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবের ১৫তম আসরের। আর ওই উৎসবে পুরস্কার জিতলো বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

রাজধানী ঢাকার সাম্প্রতিক বাস্তবতা নিয়ে ১১ জন তরুণ নির্মাতা পরিচালনা করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

খবরটি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের কনসালট্যান্ট (ফিল্ম) ও ‘ইতি, তোমারই ঢাকা’র  ক্রিয়েটিভ প্রযোজক জনাব আবু শাহেদ ইমন।

তিনি জানান, পৃথিবীর বিভিন্ন সম্মানজনক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন ও প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হচ্ছে ‘ইতি, তোমারই ঢাকা’। তারই ধারাবাহিকতায় রাশিয়ায় অনুষ্ঠিত কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবের চলতি আসরে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় ছবিটি। ৩০ এপ্রিল উৎসব সমাপনী দিনে ‘ইতি, তোমারই ঢাকা’র পুরস্কার ঘোষণা হয়।

উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, সদ্য শেষ হওয়া এই আয়োজনে ‘রাশিয়ান গিল্ড অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতেছে ‘ইতি, তোমারই ঢাকা। চলচ্চিত্রটির পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক জনাব আহমেদ মুজতবা জামাল (শোভন)।

২৪ এপ্রিল কাজানে শুরু হয় সাত দিনের এই উৎসব। ২০০৫ সাল থেকে নিয়মিত চলছে এই আসর। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন সেমিনার, কর্মশালা, দেশি-বিদেশি নির্মাতাদের মিলন মেলায় রূপ নেয়।

উৎসবে এবার ‘গ্র্যান্ড পিক্স’-এর জন্য সেরা ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে কিরগিজস্তানের ছবি ‘সং অব দ্য ট্রি’, ‘গ্রেইন’ ছবির জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন তুরস্কের সেমিহ কাপলাগ্লু এবং সেরা ডকুমেন্টারির পুরস্কার পেয়েছে ইরানি নির্মাতা ইয়াসির তালেবির ‘ফেভারিট’।

ফেব্রুয়ারিতে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম আসরে প্রদর্শনের পর মার্চে কম্বোডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’। এছাড়াও সম্প্রতি জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার জিতে নেয়। আরও প্রদর্শনী হয়েছে কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসবে।

তার সর্বশেষ অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটির।