ফেনীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. মর্তুজা মিন্টুকে (৩৮) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।
মামলার এজহার ও স্বজনরা জানান, ২০০৯ সালে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত আবদুল মুনাফের ছেলের সঙ্গে পার্শ্ববর্তী ছাগলনাইয়া উপজেলার কৈয়ারা গ্রামের মকবুল আহম্মদের মেয়ে রেহানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের পর থেকে মিন্টু তার স্ত্রী রেহানা আক্তারের উপর যৌতুকের দাবিতে নানাভাবে নির্যাতন চালাতেন।
২০১৬ সালের ১৩ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় মিন্টু তার স্ত্রীকে গলাটিপে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালায়।
এ ঘটনায় ওই দিন ফেনী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর ২৪ এপ্রিল একই থাকায় নিহতের বাবা বাদী হয়ে জামাতা মিন্টুকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
একই বছরের ৩০ জুন ফেনী মডেল থানার এসআই হারুন অর রশিদ আসামি মো. মর্তুজা মিন্টুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালত দীর্ঘ শুনানির পর আজ (বৃহস্পতিবার) বিচারক রায় ঘোষণা করেন।
জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহাম্মদ জনান, আদালত রেহানা আক্তার হত্যা মামলায় স্বামী মো. মর্তুজা মিন্টুকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।