বিজেপিকে ভোটের বদলে আত্মহত্যা করব : প্রিয়াঙ্কা

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বলেছেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) রাজনৈতিক সুবিধা দেওয়ার পরিবর্তে প্রয়োজনে আত্মহত্যা করবেন তিনি। লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন থাকা উত্তর প্রদেশের রায়বেরেলিতে নির্বাচনী প্রচারের সময় তিনি এনডিটিভিকে এ কথা বলেন।

বিজেপিকে সাহায্য করে রাজ্যে সমাজবাদী পার্টি (এসপি) ও বহুজন সমাজ পার্টির (বিএসপি) জোটকে দুর্বল করতে চাইছেন কিনা, জানতে চাইলে প্রিয়াঙ্কা বলেন, ‘ধ্বংসাত্মক এই মতাদর্শের সঙ্গে কখনো, এই জীবনে আপস করব না। উত্তর প্রদেশে কংগ্রেসের সব প্রার্থীই বিজেপির ভোট কাটবেন এবং এ থেকে কেউ বাদ যাবেন না। এ বিষয়ে আমি খুবই নিশ্চিত।’

দুই মাস আগে কংগ্রেস সভাপতি ভাই রাহুল গান্ধীর হাত ধরে রাজনীতিতে যোগ দেন প্রিয়াঙ্কা। উত্তর প্রদেশের ৮০ আসনের ৪১টির দায়িত্ব পেয়েছেন তিনি। মা সোনিয়া গান্ধীর আসন রায়বেরেলিতে প্রচারের সময় বিএসপির প্রধান মায়াবতীর তির্যক মন্তব্যের জবাবে প্রিয়াঙ্কা জোর দিয়ে এনডিটিভিকে বলেন, ‘আমি আপনাকে এটুকু বললাম। প্রয়োজনে আত্মহত্যা করব। কিন্তু তাদের সাহায্য করব না আমি। এর চেয়ে বেশি কী বলতে পারি?’ গত বুধবার প্রিয়াঙ্কা বলেন, যেসব আসনে দলের প্রার্থীরা ততটা শক্ত নন, সেখানে কংগ্রেস বিজেপির ভোট কাটবে। এ ঘটনায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েন তিনি।