র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
‘আমাদের জাতীয় অর্থনীতিতে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অবদান’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য তিনি এই ডিগ্রি লাভ করেন। বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের তত্ত্বাবধানে ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগ থেকে ডিবিএ প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী হিসেবে বেনজীর আহমেদ ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেন।
তার গবেষণা মূলত পুলিশ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিতদের নিয়ে সীমাবদ্ধ ছিল। এর আগে বেনজীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ এবং এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি এমবিএ ডিগ্রিও অর্জন করেন।
১৯৮৮ সালে সপ্তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন বেনজীর। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগে চিফ অব মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস হিসেবে জাতিসংঘ সদর দপ্তরে কাজ করেছেন।