স্থগিত হওয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঝিমিয়ে পড়া নির্বাচনী মাঠ সরগরম করতে এখন প্রচার-প্রচারণায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ভোটারদের বাড়ি চষে বেড়াচ্ছেন তারা।
প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে জেলার অন্য চারটি উপজেলায় সম্পন্ন হলেও ভোটের আগের রাতে গত ৯ মার্চ আদিতমারী উপজেলা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমশিন। কমিশন ভোটে প্রভাব বিস্তার ও অনিয়মের কারণে আদিতমারী উপজেলা নির্বাচন স্থগিত করে বলে জানা যায়।
সমাজকল্যাণ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নূরুজ্জামান আহমেদের এপিএস মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে উপজেলা পরিষদ বিধিমালা ২০১৬-এর বিধিভঙ্গের অভিযোগে গত ৯ মার্চ আদিতমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাইম মামলা করেন। পরবর্তীকালে নির্বাচন কমিশন স্থগিত হওয়া আদিতমারী উপজেলা নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়।
সাপ্টীবাড়ি ইউনিয়নের টিপারবাজার এলাকার ভোটার রবিউল জানান, প্রথম দিকে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। রাস্তাঘাটে, চায়ের দোকানÑ সর্বত্র ভোট নিয়ে আলাপ-আলোচনা চলত। ভোট স্থগিত হওয়ায় উৎসবে কিছুটা ঘাটতি হলেও দল বেঁধে ভোটকেন্দ্রে তারা যাবেন বলে জানান।
সারপুকুর ইউনিয়নের নারী ভোটার প্রমীলা বলেন, উপযুক্ত প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘেœ বাড়ি ফিরতে চাই।
উল্লেখ্য, ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাপ্টীবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, মোটরসাইকেল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন ইমরুল কায়েস ফারুখ। দুজনের মধ্যে ভোটযুদ্ধ সীমাবদ্ধ থাকবে বলে মনে করছেন ভোটাররা। স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদের রাজনৈতিক প্রভাব ও জেলা আ.লীগ নেতারা প্রচার-প্রচারণায় সম্পৃক্ত হওয়ায় নৌকার পালে হাওয়া লেগেছে।
প্রার্থী রফিকুল আলম ভোটারদের মধ্যে ভোট উৎসাহের ঘাটতির কথা স্বীকার করে দেশ রূপান্তরকে বলেন, ভোটের সময় ঘনিয়ে আসতে আসতে ভোটাররা চাঙ্গা হয়ে উঠবে। এলাকার উন্নয়নের স্বার্থে জনগণ তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি আশা করেন।
অপরদিকে, আ.লীগের একটি অংশ ও ময়মনসিংহ এবং পাবনা অঞ্চল থেকে এসে বসতি করা ভোটারদের বড় একটি অংশ ইমরুল কায়েস ফারুখের ভোটব্যাংক বলে বিবেচনা করছেন অনেকেই।
ইমরুল কায়েস ফারুখ ভোটের দিন বিভিন্ন শঙ্কার কথা জানিয়ে দেশ রূপান্তরকে জানান, এ পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে। সবকিছু ঠিক থাকলে তিনি বিজয়ী হবেন।