সাংসদপুত্রের বিরুদ্ধে মে দিবস পালনে বাধার অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে মে দিবসে শ্রমিক সংঠনের অনুষ্ঠান প- করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী সাংসদ শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তমাল বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, নির্যাতনসহ নানা অভিযোগ তুলে প্রতিকার চেয়েছেন বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পো পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোলাম ফারুক জানান, শ্রমিকদের অধিকার আদায়ের দিন পালনে বুধবার মে দিবসে পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি নেওয়া হয় ঈশ^রদীতে। কিন্তু গত মঙ্গলবার বিকেলে শোভাযাত্রা ও কর্মসূচির প্রস্তুতি পর্বে সাংসদপুত্র শিরহান শরীফ তমালের নেতৃত্বে একদল হামলাকারী ফেডারেশন ও স্থানীয় শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ড ভেঙে ফেলে। তারা মে দিবসের কর্মসূচি পালন না করারও হুমকি দেয়। হামলাকারীরা শ্রমিকদের বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দেয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। প্রাণভয়ে শ্রমিক ফেডারেশন নেতারা মে দিবসের কর্মসূচি পালন করতে পারেননি।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, মে দিবস পালনে বাধা প্রধানের বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগ সম্পর্কে কথা বলতে গতকাল বিকেলে উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।