‘ডার্ট ইন দ্য পকেট’

ক্রিকেটের সঙ্গে আঠার মতো এঁটে আছে বল ট্যাম্পারিং কেলেঙ্কারি। বিপক্ষ ব্যাটসম্যানকে বিপদে ফেলতে ফিল্ডিং দলের অনেক চেষ্টার একটি এটি। তবে ট্যাম্পারিং করতে গিয়ে ধরা পড়লেই বিপদ। শাস্তি পেতে হয়, সঙ্গে ভর্ৎসনা। ১৯৯৪ সালে তখনকার ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আথারটনও ট্যাম্পারিং করেছিলেন। ঘটনাটি ‘ডার্ট ইন দ্য পকেট’ নামে পরিচিত হয়। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডস টেস্টের ঘটনা। সে সময় মাত্র এক বছর হয়েছিল অধিনায়ক আথারটনের। টেস্টের এক পর্যায়ে টিভি স্ক্রিনে দেখা যায়, বারবার কোনো কিছু দিয়ে বলে ঘষছিলেন তিনি। এতে ম্যাচের দিনই রেফারি পিটার বার্জের কাছে ডাক পড়ে আথারটনের। পরদিন খেলা শেষে সংবাদ সম্মেলনে গিয়ে আথারটন জানান, ক্যারিয়ারের কোনো সময়ই বল ট্যাম্পারিং করেননি তিনি। বরং টেস্টের সময় পকেটে থাকা ময়লা (ডার্ট ইন দ্য পকেট) ব্যবহার করে হাতের ঘাম মুছেছিলেন। আর এই ময়লার কথা ম্যাচ রেফারিকে জানাননি। যে কারণে ২ হাজার পাউন্ড জরিমানা করা হয় তাকে। আথারটন পকেটের ময়লার কথা বলে পার পেয়ে গেলেও ঘটনাটি তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছিল বেশ।