শচীন টেন্ডুলকারের চোখে ইংল্যান্ডের পিচগুলো এবার ব্যাটিংবান্ধব হবে। থাকবে না অতিমাত্রায় সুইং। তাই আসন্ন বিশ্বকাপে ব্যাটসম্যানদের রাজত্ব দেখছেন শচীন।
মুম্বাইয়ের বান্দ্রায় এমআইজি ক্লাবের একটি প্যাভিলিয়নের নামকরণ করা হয় শচীন টেন্ডুলকারের নামে। সেঞ্চুরির সেঞ্চুরিয়ান ওই অনুষ্ঠানে এসে বিশ্বকাপ নিয়ে বলেন, ‘এবারে ইংল্যান্ডের গ্রীষ্ম খুব উত্তপ্ত। কড়া রোদের ওখানকার পিচ খুব ফ্লাট হয়ে ওঠে। এতে ব্যাট করা সহজ হয়। এই সময়ে বল তেমন সুইং করবে না। যদি কিছুটা মেঘ থাকে তবে হয়তো ঘুরবে, কিন্তু বেশি সময়ের জন্য এমনটা হবে না। হয়তো প্রথম পাঁচটি ওভার। তাই আমার মতে ইংল্যান্ডে এবার দারুণ ব্যাটিং পিচ পেতে যাচ্ছে ব্যাটসম্যানরা।’
ব্যাটিংবান্ধব পিচ ব্যাটিং শক্তিনির্ভর ভারতকে বাড়তি সুবিধা দেবে কি না? শচীন মনে করেন, ‘এটা আগে থেকে বলা যাবে না। ভালো পারফরম্যান্স করলে যেকোনো দিন যেকোনো পিচেই ভালো করা যায়। তাই এমন পিচে যারা ভালো করবে তারাই জিতবে।’