সিআইডি প্রধানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) শেখ হিমায়েত হোসেন মিয়াকে হঠাৎ পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ নিয়ে পুলিশে চলছে ব্যাপক কানাঘুষা।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ৫ মে শেখ হিমায়েত হোসেনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। মুক্তিযোদ্ধা কোটায় আরও এক বছর চাকরির মেয়াদ বাড়াতে তিনি নানাভাবে তদবির চালিয়ে আসছিলেন। কিন্তু সরকারের হাইকমান্ড এ বিষয়ে অপারগতা জানিয়েছে। পরে গত মঙ্গলবার তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। এতে ক্ষুব্ধ হাইকমান্ড ওই দিনই তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেখ হিমায়েতকে ঢাকার পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা

প্রজ্ঞাপনটি অনতিবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়। ওই কর্মকর্তা আরও বলেন, সম্প্রতি শেখ হিমায়েত হোসেনের বয়সও প্রমার্জন না করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য সিআইডিতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “শেখ হিমায়েত হোসেনের জন্মতারিখ ১৯৬০ সালের ৪ মে। ওই তারিখ অনুযায়ী মুক্তিযোদ্ধা হিসেবে তার বয়স প্রত্যাশিত পর্যায়ের ছিল না বিধায় তার সনদটি প্রত্যয়ন করা গেল না। একইভাবে তার বয়স প্রত্যাশিত পর্যায়ের না হওয়ার কারণে তার নামে ‘মিয়া’ পার্থক্য নিরসনে সাময়িক সনদ সংশোধনের সুযোগ নেই।”