জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ

নূর হোসেনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার এ অভিযোগপত্র অনুমোদন দেয় দুর্নীতিবিরোধী সংস্থাটি।

রাজধানীর রমনা থানায় ২০১৬ সালের ১ আগস্ট মামলাটি করেন দুদকের উপপরিচালক (বর্তমানে পরিচালক) মো. জুলফিকার আলী। দুদকের তদন্তে উঠে আসেÑ নূর হোসেনের ৩ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ৮৬৯ টাকার সম্পদ পাওয়া গেছে। এতে ১ কোটি ৭ লাখ ৩৬ হাজার ৫৬ টাকার উৎস পাওয়া যায়। বাকি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন তিনি। এ ছাড়া ২ কোটি ৪৫ লাখ ৪ হাজার ১৭২ টাকার সম্পদের তথ্য গোপন করেন কারাগারে থাকা নূর হোসেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যা মামলায় ২০১৬ সালের জানুয়ারিতে বিচারিক আদালত নূর হোসেনসহ ২৬ জনের মৃত্যুদণ্ডের রায় দেয়। হাইকোর্ট নূর হোসেনসহ ১৫ আসামির মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে গেলেও ২০১৫ সালের ১২ নভেম্বর তাকে দেশে ফিরিয়ে আনার পর দুদকের এ মামলার অনুসন্ধানে গতি আসে।