সোনালী ব্যাংকের ৫ কোটি টাকা আত্মসাৎ দুদকের মামলা

ভুয়া রপ্তানি বিলের মাধ্যমে সোনালী ব্যাংকের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংকটির দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানান দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।

মামলার আসামিরা হলেন রামপুরার গ্রিন প্রিন্টার্সের মালিক আবুল হোসেন (৫৬), সোনালী ব্যাংক আগারগাঁও শাখার নির্বাহী কর্মকর্তা মো. মোসলেম (৪২) ও আবুল কালাম মাতুব্বর (৬২) এবং এএইচবি টেক্সটাইলের আশরাফ হোসেন বকাউল (৫৪)। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা ২৩টি ভুয়া আইএলসি ইস্যু করে মিথ্যা ঘোষণা দিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ৪ কোটি ৯০ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন।