চলতি মৌসুম শেষে ফুটবলে ২১ বছরের ক্যারিয়ারে ইতি টানবেন বলে জানিয়েছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক তারকা ফুটবলার জাভি। বর্তমানে কাতারের ক্লাব আল সাদের হয়ে খেলছেন এই মিডফিল্ডার।
৩৯ বছর বয়সী জাভির ক্যারিয়ার এক কথায় সোনায় মোড়ানো। বার্সেলোনায় থাকাকালে আটবার লা লিগা ও চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়সহ জিতেছেন অসংখ্য শিরোপা। ২০১০ সালে ছিলেন স্পেনের বিশ্বকাপ জেতা দলের অধিনায়ক; ২০০৮ ও ২০১২ সালে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশিপ।
অবসর নেওয়ার পর পুরোপুরি কোচিংয়ে মন দেবেন জাভি। নিজের ভবিষ্যৎ নিয়ে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার বলেন, “গত দুই যুগে আমি যা অর্জন করেছি সেটা এক কথায় দারুণ। তাই আমি মনে করি ফুটবলের সঙ্গে যে কোনোভাবে যুক্ত থাকাটা আমার কর্তব্য।”
বার্সেলোনার হয়ে দীর্ঘ ক্যারিয়ার শেষে ২০১৫ সালে আল সাদে নাম লেখান জাভি। ২০২২ সালের কাতার বিশ্বকাপের দূত হিসেবেও কাজ দায়িত্ব পালন করছেন তিনি।