ঘূর্ণিঝড় ‘ফণি’র তাণ্ডবে বিধ্বস্ত ওড়িশা, নিহত ২

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ভারতের ওড়িশায় আঘাত হানে। এতে পুরীসহ উপকূলীয় কিছু জেলা রীতিমতো বিধ্বস্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়ে দুজন প্রাণ হারিয়েছেন।

এনডিটিভি জানায়, ওড়িশার বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একাধিক জায়গায় বহু সংখ্যক গাছ উপড়ে পড়েছে।

এছাড়া বেশ কিছু এলাকায় বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভারী বর্ষণের ফলে মন্দিরের শহর পুরীর বিশাল এলাকা পানিতে তলিয়ে গেছে।

ওড়িশা রাজ্যের স্পেশাল রিলিফ কমিশনার বিষ্ণুপদ শেঠি বলেন, এখন পর্যন্ত দুজন মারা গেছেন। সাইক্লোন সেন্টারে হৃদরোগে মারা গেছেন একজন। আরেকজন গাছের নিচে পড়ে মারা গেছেন।

দেশটির আবহাওয়া দপ্তর জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় এটি প্রায় ২০০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস হানা দেয়। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত পুরী উপকূলে তাণ্ডব চালায় ‘ফণি’। ঘূর্ণিঝড়টি পুরোপুরি ওড়িশা ছাড়তে দুপুর পর্যন্ত সময় নিবে।

এদিকে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের দিকে এগোতে শুরু করেছে। ইতোমধ্যে অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বহু এলাকায় ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে শুরু করেছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার।