পুরনো থেকে নতুন স্মার্টফোনে ডেটা ট্রান্সফার করবেন কীভাবে?

প্রায় প্রতিদিনই কিছু না কিছু অফার ঘোষণা করে চলেছে স্মার্টফোন কোম্পানিগুলো। ফলে পুরনো মোবাইল বদলে ফেলে বাজেটের মধ্যে নিত্যনতুন স্মার্টফোন কেনার প্রবণতাও বেড়ে চলেছে। কিন্তু নতুন ফোন কিনলে সমস্যা একটাই। পুরনো মোবাইল থেকে সব ডেটা নতুন ফোনে ট্রান্সফার করা। এর জন্য অনেক সময় বিক্রেতার ওপরই নির্ভর করতে হয়।

কিন্তু যদি অনলাইনে স্মার্টফোন অর্ডার করেন? তখন তো নিজেকেই সব ডেটা এবং কন্টাক্ট নম্বর এক ফোন থেকে অন্য ফোনে নিতে হবে। কিন্তু অ্যান্ড্রয়েড থেকে আইফোনে কিংবা উল্টোটা করার বিষয়টি অনেকের কাছেই সহজ কাজ নয়। অনেক অ্যাপের ব্যাক-আপ পাওয়া গেলেও সবচেয়ে বেশি সমস্যা হয় ফোনবুক নিয়ে। একগুচ্ছ মোবাইল নম্বর তো নতুন করে টাইপ করে সেভ করা সম্ভব নয়। কীভাবে এক ফোন থেকে অন্যটিতে ডেটা ট্রান্সফার করবেন, তা নিয়েই আছে কয়েকটি সহজ টিপস

অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড ফোনে ডেটা ট্রান্সফার

পুরনো ফোনের সেটিংসে গিয়ে গুগলে যান। সেখানেই ব্যাক-আপ অপশন সার্চ করে সেটি ওপেন করুন। গুগল নিজে থেকেই আপনার কন্টাক্ট লিস্টের ব্যাক-আপ নিয়ে রাখে। শুধু দেখে নেবেন অটো ব্যাক-আপ অপশনটি অন করা কিনা। না থাকলে সেটি অন করুন। তাহলে নিজে থেকেই সব ডেটা সিঙ্ক হতে থাকবে। নতুন কন্টাক্ট সেভ করার সময় একটি অপশন দেখায়, নম্বরটি কোথায় সেভ করতে চান। খুব ভালো হয় যদি গুগল ড্রাইভ সিলেক্ট করেন। এবার নতুন স্মার্টফোনে গুগল অ্যাকাউন্টটি লগ ইন করুন। কিছুক্ষণ পর দেখবেন নিজে থেকেই সব নম্বর ফোনবুকে দেখাচ্ছে। যদি গুগল ক্লাউডে নম্বর সেভ রাখতে সমস্যা হয়, সে ক্ষেত্রে ভিসিএফ ফাইল হিসেবে কন্টাক্টগুলো সেভ রেখে তা ব্লু-টুথে নিয়ে নেওয়া যাবে।

 

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ডেটা ট্রান্সফার

এ ক্ষেত্রে গুগল ড্রাইভেই সব কন্টাক্ট ব্যাক-আপ রাখতে হবে। সেটিংস থেকে গুগল সেকশনে গিয়ে ব্যাক-আপ রাখুন। অটো ব্যাক-অন থাকলে একই ধরনের সব কন্টাক্ট সেভ ও আপডেট হয়ে যাবে। এবার আইফোনের সেটিংসে গিয়ে পাসওয়ার্ড ও অ্যাকাউন্টে যান। সেখানে অ্যাড অ্যাকাউন্ট করুন। এবার গুগলে লগ ইন করুন। পাসওয়ার্ড ও অ্যাকাউন্ট অপশন থেকে গুগল অ্যাকাউন্ট ট্যাপ করলে সিঙ্ক্রোনাইজ করলেই কিছুক্ষণের মধ্যে সব নম্বর নতুন ফোনে দেখাবে।

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার

এ ক্ষেত্রে উল্টোদিক থেকে শুরু করুন। আইফোনের পাসওয়ার্ড ও অ্যাকাউন্ট থেকে গুগল অ্যাকাউন্টে যান। এরপর সিঙ্ক্রোনাইজ অন করুন। এবার অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল অ্যাকাউন্ট লগ ইন করলেই কাজ শেষ।