ফের রিমেক হতে চলেছে ‘চুপকে চুপকে’ সিনেমাটি। যে চরিত্র বাংলায় উত্তমকুমার হয়ে হিন্দিতে করেন ধর্মেন্দ্র, এবার সেই চরিত্রেই অভিনয় করবেন এই সময়ের গুরুত্বপূর্ণ অভিনেতা রাজকুমার রাও।
তুমুল জনপ্রিয় উপেন্দ্রনাথ গাঙ্গুলির গল্প অবলম্বনে অগ্রদূতের পরিচালনায় বাংলা ‘ছদ্মবেশী’ মুক্তি পেয়েছিল ১৯৭১ সালে। এতে মূল ভূমিকায় ছিলে মহানায়ক উত্তমকুমার। দারুণ জনপ্রিয় এই ছবি ফের হিন্দিতে তৈরি করেন হৃষীকেশ মুখোপাধ্যায়। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া এই ছবির নাম ছিল ‘চুপকে চুপকে’। রিমেক এই ছবিতে উত্তমকুমার অভিনীত চরিত্রে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র।
গত ১১ এপ্রিল এই ‘চুপকে চুপকে’ ছবি মুক্তির ৪৪ বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে এই ছবিটিকে আবার নতুন করে তৈরি করতে চলেছেন ভূষণকুমার ও লভ রঞ্জন। এবার উত্তমকুমার ও ধর্মেন্দ্রের চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও। তবে ছবির অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি। আপাতত ছবির চিত্রনাট্য লেখা শেষ।
এই প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে ধর্মেন্দ্র বলেন, ‘কোনও বুদ্ধিমান লেখককে দিয়ে এই ছবির চিত্রনাট্য নতুন করে লেখাতে হবে। আসল ছবিটা প্রায় সকলেরই দেখা। এমনকি এই প্রজন্মের ছেলেমেয়েদেরও। তাই এমনভাবে ছবিটা বানাতে হবে যাতে আগের ছবির মতোই এটাও মানুষের মন জয় করতে পারে।’
আর রাজকুমার রাও বলেছেন, ‘আমি বরাবরই চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসি। ‘চুপকে চুপকে’ আমার অত্যন্ত পছন্দের ছবি। অনেকবার দেখেছি। পরিচালক আমার ওপর ভরসা করেছেন এটাই বড় পাওনা।’