মানববন্ধনে রিজভী

প্রধানমন্ত্রীর বক্তব্যেই খালেদা জিয়ার জামিন বিলম্বের কারণ আছে

অনলাইন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপের কথিত অডিওর প্রসঙ্গ টেনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তার বক্তব্যে প্রমাণ হয়েছে কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি কেন বিলম্বিত হচ্ছে। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত ওই অডিওতে শোনা যায়, ‘তারেককে বলো বেশি বাড়াবাড়ি না করতে। তাহলে কিন্তু তার মা জেল থেকে বের হতে পারবে না। লন্ডনে আমাদের এখন কোনো হোটেল ভাড়া দেয় না। প্লিজ, হোটেলের আশপাশে ঝামেলা করো না।’ এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তার বক্তব্যে নিহিত রয়েছে কারাবন্দি খালেদা জিয়ার জামিন বিলম্বিত হওয়ার কারণ। বিচার বিভাগ শেখ হাসিনার নিয়ন্ত্রণে।