ফুটবল ছাড়বেন জাভি

দানি আলভেস একবার বলেছিলেন, ‘আমরা বর্তমান নিয়ে বেঁচে থাকি। জাভি বাঁচে ভবিষ্যৎ নিয়ে।’ ৩৯ বছরের সেই জাভি ভবিষ্যতে বেঁচে থাকার সেরা অনুষঙ্গটাকে বিদায় বলতে চান। মানে বার্সেলোনার কিংবদন্তি বিদায় জানাবেন ফুটবলকে। তিকি-তাকার নায়ক, স্পেন ও বার্সেলোনার সাবেক তারকা মিডফিল্ডার জাভি জানিয়েছেন, চলতি মৌসুমের পরই ২১ বছরের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানাবেন তিনি। জাভি বর্তমানে খেলছেন কাতারের ক্লাব আল সাদ স্পোর্টিং ক্লাবে। বার্সেলোনায় থাকতে আটটি লা লিগা শিরোপা এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন জাভি।

ক্লাব ক্যারিয়ার বাদেও দেশের হয়ে বেশ সফল জাভি। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতেন তিনি। এছাড়া ২০০৮ ও ’১২ ইউরোজয়ী দলেও ছিলেন তিনি। জাভি বলেন, ‘গত দুই দশকে আমি যা অর্জন করেছি সেটা দারুণ। তাই আমি মনে করি ফুটবলের সঙ্গে যুক্ত থাকা এবং যখন সম্ভব হবে মাঠে ফেরাটা আমার দায়িত্ব।’ অবসরের পর কোচ হতে আগ্রহী জাভি বলেন, ‘অনেক বছর ধরে ইয়োহান ক্রুইফ ও লা মেসিয়ার ফুটবল দর্শনে আমরা অনুপ্রাণিত। কোচিং স্টাইল হিসেবে সেটাকেই উপস্থাপন করতে চাই। যা বার্সেলোনা করে আসছে।’

জাভি স্পেনের হয়ে ১৩৩ ম্যাচে করেছেন ১৩ গোল। ২০১৫ সালে ক্লাব বার্সেলোনা ছেড়ে তিন বছরের জন্য তিনি যোগ দেন আল সাদে। ২০২২ কাতার বিশ্বকাপের দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। জাভি বলেন, ‘৩৯ বছর পর্যন্ত ফুটবল খেলতে পারাটা দারুণ ব্যাপার।’