ডিম কিনতে গিয়ে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী বাড়ির পাশের একটি মুদি দোকান থেকে ডিম কিনতে গেলে মুদি দোকানি কৌশলে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে।

রক্তাক্ত অবস্থায় শিশুকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় ৬৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

এ ঘটনায় রাতেই ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর দোকানদার ধর্ষক আলাউদ্দিন পালিয়ে গেছে। সে স্থানীয় কালাপাহাড়িয়া ইউপি’র হাজীরটেক এলাকার সিরাজউদ্দিনের ছেলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন দেশ রূপান্তরকে বলেন, ধর্ষণের শিকার শিক্ষার্থী অত্যন্ত মেধাবী। আমি ধর্ষককে দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে শনিবার ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন।

স্থানীয় কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরির্দশক বিজয় কৃঞ্চ কর্মকার দেশ রূপান্তরকে বলেন, ধর্ষণের শিকার শিশুকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারে অভিযান চলছে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।