বিখ্যাত কবি, চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতারকে বাড়িতে ঢুকে মারার হুমকি দিয়েছেন করনি সেনার মহারাষ্ট্র শাখার প্রধান জীবন সিং সোলাঙ্কি। বোরকা নিষিদ্ধ করার ইস্যুতে নিজের মতামত জানানোর কারণে বিপাকে পড়লেন এ বলিউড কিংবদন্তি।
এর আগেও বলিউডের একাধিক তারকাকে হুমকি দিয়েছিল হিন্দুত্ববাদী উগ্রপন্থী দলটি।
ইস্টার সানডে’তে গির্জা ও হোটেলে হামলার পরই শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ করে সরকার। তারপর ক্ষমতাসীন বিজেপির শরিক শিবসেনা দাবি তোলে ভারতেও নিষিদ্ধ করা হোক বোরকা।
এই বিষয়ে জাভেদ আখতারকে প্রশ্ন করা হলে মধ্যপ্রদেশের একটি অনুষ্ঠানে বলেন, “বোরকা নিষিদ্ধ করা হলে আমার আপত্তি নেই। কিন্তু একই সঙ্গে রাজস্থানের বহু পুরোনো প্রথা ‘ঘুংঘাট’কেও (ঘোমটা) নিষিদ্ধ করা হোক। রাজস্থানের শেষ দফা ভোটের আগেই তা ঘোষণা করা হোক। দুটি প্রথাই বন্ধ হলে আমি খুশি।”
এই মন্তব্যের পরই করনি সেনা দাবি করে, তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে জাভেদ আখতারকে। না হলে বাড়িতে ঢুকে তাকে মারা হবে। তাদের মতে, রাজস্থানের প্রথা নিয়ে কথা বলবার অধিকার নেই এই লেখকের।
জাভেদ আখতারকে দেওয়া সেই হুমকির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি তিনি।