ঢাকা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান সরিয়ে নেয়ার পরিকল্পনা রাজউকের

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানী থেকে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সরিয়ে নিতে চায় বলে জানিয়েছেন এর চেয়ারম্যান আব্দুর রহমান। 

শনিবার রাজউক মিলনায়তনে সেভ দ্যা চিলড্রেন এবং রাজউক আয়োজিত 'শিশুদের ভাবনায় কেমন হবে ঢাকা' শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে এমনটা জানান তিনি।

শিশুদের উদ্দেশে আব্দুর রহমান বলেন, 'আমরা চেষ্টা করছি ঢাকা থেকে সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সরিয়ে ফেলতে। এ নিয়ে পরিকল্পনা চলছে।'

তিনি বলেন, 'তোমাদের জন্য পরিকল্পিত শহর দিতে পারিনি। এজন্য রাজউক চেয়ারম্যান হিসেব আমি দায়ী।'

'রাজধানীতে থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরিয়ে নিতে জরিপ চালানো হচ্ছে। এর মধ্যে দুটি জায়গাও দেখেছি আমরা। যেখানে খেলার মাঠ পার্কিংসহ সব সুবিধা থাকবে।'

রাজউক চেয়ারম্যান আরো বলেন, 'আমার ছোট ছেলে নবম শ্রেণীতে পড়ে। সে ধানমণ্ডির এক মাঠে সপ্তাহে মাত্র দুদিন খেলার সুযোগ পায় কারণ বাকি দিনগুলোতে সেখানে অন্যরা খেলতে যায়। সপ্তাহের পাঁচ দিন তাকে বাসায় বসে কাটাতে হয়।'  

তিনি বলেন, 'স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ডিটেইল অ্যারিয়া প্লানের (ড্যাপ) প্রথম অনুষ্ঠান আজকের এই সংলাপ। ভবিষ্যতে যেসব শহর গড়ে তোলা হবে তা যেন শিশুসহ সব শ্রেণি-পেশার মানুষের বাসযোগ্য হয় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে'।

রাজউক ও  সেভ দ্য চিলড্রেনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংলাপে  দুই শতাধিক শিশু অংশ নেয়।