সরকার কারাগারকে মৃত্যুকূপে পরিণত করেছে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কারাগার কারাবন্দীদের জন্য নিরাপদ জায়গা হলেও সেখানে মানুষকে হত্যা করা হচ্ছে। তিনি কারাবন্দী খালেদা জিয়ার জীবন নিয়েও সংশয় প্রকাশ করেন।
শনিবার রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত প্রতীকী গণ অনশনে তিনি এসব কথা বলেন।
সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার অনশন কর্মসূচিতে রিজভী অভিযোগ করে বলেন, রাজশাহী কারাগারে থাকা অবস্থায় বিনা চিকিৎসায় নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যু হয়েছিল। এক কথায় বলা যায়, তাকে মেরে ফেলা হয়েছিল। সম্প্রতি ঢাকার বাইরে পঞ্চগড় জেলায় পলাশ কুমার রায় নামে একজন অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে। চিকিৎসা না দিয়ে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।
কারাবন্দী খালেদা জিয়ার জীবন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, সরকার তাকে অস্বাস্থ্যকর পরিবেশে রেখেছে। এ জন্য বিএনপির পক্ষ থেকে বারবার সংশয় প্রকাশ করা হচ্ছে। কারণ কারাগারের মধ্যে যে বন্দী, তার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র সেই দায়িত্ব পালন করেনি।
রিজভী অভিযোগ করে বলেন, প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় ফণীর আঘাত থেকে বাঁচতে উপকূলীয় আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্গতদের জন্য সরকার খাবারের ব্যবস্থা করেনি। এমনকি তারা যে রান্না করে খাবে তার জন্য জায়গা নেই। তারপরও সরকারের মন্ত্রীরা বড় বড় কথা বলছেন।
সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনশনে অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, তাঁতি দলের সদস্যসচিব মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন বাহার, মৎস্যজীবী দলের নাদিম চৌধুরী প্রমুখ।