একই দিনে একই চ্যানেলে মারিয়া নূর ও শ্রাবণ্য তৌহিদা

সময়ের জনপ্রিয় দুই উপস্থাপিকা মারিয়া নূর ও শ্রাবণ্য তৌহিদা। ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করে দু’জনই খ্যাতি অর্জন করেছেন। এবার একই দিনে তাদের দু’জনকে দেখা যাবে একই চ্যানেলে।

 দু’জনেই থাকছেন ভিন্ন ভিন্ন অনুষ্ঠান নিয়ে। ৫ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। এই সিরিজের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। সেই সঙ্গে থাকছে তিনটি বিশেষ অনুষ্ঠান।

খেলা শুরুর আগে প্রচারিত হবে ‘এক্সপার্ট প্রেডিকশন’। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর।

অন্যদিকে, সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে খেলার মধ্যবিরতিতে থাকছে ‘পাওয়ার প্লে’ এবং খেলা শেষে থাকছে ম্যাচ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘ম্যাচ রিভিউ’। এ দু’টি অনুষ্ঠান উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা।