নির্বাচনী প্রচারণায় চড় খেলেন অরবিন্দ কেজরিওয়াল (ভিডিও)

আরও একবার হামলার মুখে আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মোতি নগরে রোড শো চলাকালীন কেজরিওয়ালকে চড় মারেন জনৈক যুবক। 

শনিবার নয়াদিল্লির মতি নগর এলাকায় একটি হুড খোলা গাড়িতে ভোট প্রচারে বেরিয়েছিলেন কেজরিওয়াল। গাড়ি যখন ধীরেধীরে এগোচ্ছে, তখনই আচমকা গাড়িতে উঠে পড়ে লাল টি-শার্ট পরা ব্যক্তি। আর চোখের পলক ফেলার আগেই কেজরিওয়ালকে সপাটে চড় মারেন সেই ব্যক্তি। সঙ্গেসঙ্গেই অবশ্য তাকে ধরে ফেলেন আম আদমী কর্মীরা। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

বিজেপি শিবিরকে এই ঘটনার দায় দিয়ে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল এর সাথে যা ঘটল এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি নিরীহ ভিডিওকে নিয়ে যেভাবে কুৎসা করা হল, তার থেকেই স্পষ্ট বিজেপি হেরে গেছে। ওরা ‘গেম চেঞ্জার’ খুঁজতে ঘটনা ঘটাচ্ছে। মানুষ ইতিমধ্যেই পুরো খেলাটা বদলে দিয়েছে। মোদীর বিদায় হচ্ছেই’।        

উল্লেখ্য, এর আগে একাধিকবার কেজরিওয়ালকে লক্ষ্য করে চড়, জুতো ছোড়া, কালি ছোড়ার মতো ঘটনা ঘটেছে। এমনকী তাঁর অফিসে মরিচের গুড়ো নিয়েও হামলা চালায় এক ব্যক্তি। কয়েক আগে সদ্য কংগ্রেসে আসা হার্দিক প্যাটেলও চড় খেয়েছিলেন এক ব্যক্তির কাছ থেকে।