জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে 'হত্যার হুমকি' পাওয়ার পর জীবনের নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
শনিবার এই জিডিটি করা হয় বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ওসি মো. আব্দুল লতিফ।
ওসি মো. আব্দুল লতিফ দেশ রূপান্তরকে বলেন, ‘বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে জানানো হয়েছে। উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ এটি তদন্ত করছেন। এ ছাড়া জিডির একটি কপিসহ বিস্তারিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে পাঠানো হয়েছে’।
থানায় করা অভিযোগে বলা হয়, জঙ্গিগোষ্ঠী আইএস মার্চ মাসে প্রকাশিত তাদের এক ম্যাগাজিনে উল্লেখ করেছে তারা বাংলাদেশের তিন বিশিষ্ট নাগরিককে হত্যা করতে চায়, যাদের মধ্যে রয়েছে সুলতানা কামালের নামও।
অভিযোগে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় মানবাধিকার কর্মী হিসেবে সুলতানা কামালের নিরাপত্তায় বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চাওয়া হয়েছে।