পটুয়াখালী এখন শান্ত জনপদ

ঘূর্ণিঝড় ফণির প্রভাব শেষে শান্ত এখন পটুয়াখালীর উপকূলীয় জনপদ। তবে বরাবরের মতোই রেখে গেছে কিছু স্মৃতিচিহ্ন। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় পটুয়াখালীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজন গতকাল শনিবার দুপুরেই বাড়ি ফিরেছে। গতকাল বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত আকাশ ছিল ফর্শা। ঝলমলে রোদ ছিল। দমকা হাওয়া বইছিল থেমে থেমে। ভ্যাপসা গরম শুরু হচ্ছে আবার।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী শনিবার দুপুরে জেলা প্রশাসকের দরবার হলে ঘূর্ণিঝড় ফণি-পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঘূর্ণিঝড় ফণির প্রভাবে জেলার আটটি উপজেলায় এ পর্যন্ত ১১ জন আহত, ১৪৫টি গবাদিপশুর মৃত্যু, ২ হাজার ৯২টি কাঁচা ঘরবাড়িসহ ১০ কিলোমিটার বেড়িবাঁধ এবং ৫০টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।