আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু হয়ে যাচ্ছে আজ। ডাবলিনের এই আসরের তিন দল আয়ারল্যান্ড, বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। ৩০ মে থেকে শুরু ইংল্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজকে কাজে লাগানোর সুযোগ দল তিনটির। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে উইন্ডিজ ও আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৭ মে, উইন্ডিজের সঙ্গে। এটা আসলে ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আসর।
ক্যারিবিয়ানদের বিশ্বকাপ দলের অবশ্য আধেক খেলোয়াড় খেলবেন এই আসরে। বাকিরা এখনো ব্যস্তইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে। এই সুযোগে সুনিল অ্যামব্রিস, জন ক্যাম্পবেল, শেন ডরউইচ ও রেমন রেইফাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
গেল মার্চে ইংল্যান্ডের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ অপ্রত্যাশিতভাবে ড্র করেছিল উইন্ডিজ। ইংল্যান্ড যেখানে বিশ্বের নাম্বার ওয়ান দল, সেখানে উইন্ডিজকে বিশ্বকাপে সুযোগ পেতে হয়েছে বাছাইপর্ব পেরিয়ে। ত্রিদেশীয় সিরিজে ব্যাটিংয়ে ড্যারেন ব্রাভো, শাই হোপে ভরসা উইন্ডিজের। যদিও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৪ ইনিংস মিলিয়ে ব্রাভো করেছিলেন মাত্র ১৩৩। এই সিরিজে বড় ইনিংসে চোখ থাকবে তার। বোলিং অ্যাটাকে অধিনায়ক জেসন হোল্ডার নেতৃত্ব দেবেন শেলডন কটরেল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলদের।
এদিকে আয়ারল্যান্ড ডাবলিনে শুক্রবার ইংল্যান্ডকে ভয় ধরিয়ে দিয়েও ম্যাচটা জিততে পারল না। দুর্দান্তবোলিংয়ে ইংলিশদের চাপে ফেলেও শেষে তা ধরে রাখতে পারেনি। ব্যাটিংয়ে পুরো শক্তির প্রকাশ মেলেনি। অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড, অভিজ্ঞ পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবিরনিরা ব্যাটিংয়ে চমৎকার শুরু দিলেও কাজ হয়নি শেষে।
বাঁহাতি ফাস্ট বোলার টিনএজার জস লিটল মুগ্ধ করেছেন। ফুলার বলগুলোর সঙ্গে তার শর্ট বলের মিশ্রণ যথেষ্ট ভুগিয়েছে ইংলিশ ব্যাটসম্যানদের। ৪ উইকেট অভিষেকেই মাত্র ৪৫ রানে। আউট করেছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান, জেমস ভিন্স, ডাভিড মালান ও ডেভিড উইলিকে। আইরিশদের পেস আক্রমণ আরও শক্তি পেয়েছে লিটল অভিষেকেই দ্যুতি ছড়ানোয়।
কেমন কন্ডিশন এখন আয়ারল্যান্ডের? শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচ দেরিতে শুরু হয়েছিল বৃষ্টির কারণে। কিন্তু উইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর এই ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও মেঘ থাকবে। এই কন্ডিশন সুইং বোলারদের সহায়ক হওয়ার কথা। আগে ফিল্ডিং নিতে চাইবে যে কোনো দল। এই ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে শেষ ওয়ানডে হয়েছে ২০১৭ সালের মে মাসে। নিউজিল্যান্ডের দেওয়া ২৭১ রানের টার্গেট সহজে তাড়া করে জিতেছিল বাংলাদেশ।
আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবিরনি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, টিম মুরটাঘ, কেভিন ও’ব্রায়েন, বয়েড র্যানকিন, পল স্টার্লিং, স্টুয়ার্ট টমসন, লরকান টাকার, গ্যারি উইলসন।
ওয়েস্ট ইন্ডিজ : জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, সুনিল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, জন ক্যাম্পবেল, জোনাথন কার্টার, রোস্টন চেজ, শেলডন কটরেল, শেন ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ, আশলে নার্স, রেমন্ড রেইফার, কেমার রোচ।