প্রমাণ দিতে দিতে ক্লান্ত রোনালদো

বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু প্রতিনিয়তই তাকে শুনতে হয় সমালোচনা। প্রতি মৌসুমের পরই নাকি তাকে শুনতে হয় তির্যক কথা। এই যেমন এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর সমালোচনা শুনতে হয়েছে সিআর সেভেনকে। সমালোচনার জবাব দিতে দিতে এবং বার বার নিজেকে প্রমাণ করায় ক্লান্ত হয়ে পড়েছেন।

‘আইকন’ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘প্রতি বছর আমাকে কারও না কারও কাছে প্রমাণ করতে হয় যে আমি ভালো ফুটবলার। অস্বীকার করব না, প্রতি বছর এই কাজ করতে করতে আমি ক্লান্ত।’ চাপ নিতে নিতে বিরক্ত রোনালদোর কথা, ‘নিজের ওপর অনেক চাপ নিতে হয় এবং এর প্রভাব শুধু নিজের নয়, আমার মা, ছেলে ও পরিবারের ওপর পড়ে।’

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ার পর এরই মধ্যে লিগ শিরোপা জিতেছেন রোনালদো। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের সঙ্গে হেরে বিদায় নিতে হয় তার দলকে। রোনালদো বলেন, ‘আমি জুভেন্তাসে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছি।’ সমালোচকদের জবাব দিতে গিয়ে রোনালদো উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন সমর্থকদের। তিনি বলেন, ‘ভালো যদি না-ই হতাম পাঁচটি ব্যালন ডি’অর এবং পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ কীভাবে জিতলাম?’

শুক্রবার রাতে সিরি আ’তে

জুভেন্তাস ১-১ গোলে ড্র করেছে তুরিনোর সঙ্গে। ম্যাচের ১৮ মিনিটে সাসা লুকিচের গোলে এগিয়ে যায় তুরিনো। ৮৪ মিনিটে রোনালদোর গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে জুভেন্তাস। ক্লাব ক্যারিয়ারে এটি রোনালদোর ৬০১তম গোল। রোনালদো গোলটি করেন হেডে। হেডে ছিল এটি তার শততম গোল।