জাতীয় পার্টির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান গোলাম মুহম্মদ (জিএম) কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন তিনি। গতকাল শনিবার রাত ১১টায় রাজধানীর বারিধারার বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এরশাদ।
এরশাদ বলেন, বর্তমানে শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি দলের কাজ চালিয়ে নিতে পারছেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান কো-চেয়ারম্যান এবং তার ভাই জিএম কাদের। দলের গঠনতন্ত্রের ২০.১ (ক) ধারায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এরশাদ।
এর আগে কো-চেয়ারম্যান করার পর জিএম কাদেরকে বহিষ্কার করেন এরশাদ। পরে আবার তাকে পদ ফিরিয়ে দেন।
সংবাদ সম্মেলনে এরশাদকে খুব অসুস্থ দেখাচ্ছিল, কথা বলতেও সমস্যা হচ্ছিল তার। প্রায় এক দশক দেশের রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন তিনি।
একাদশ সংসদে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় আছে। এরশাদ বিরোধীদলীয় নেতার দায়িত্বে থাকলেও সংসদ অধিবেশনে তাকে দেখা যায় না।
গত ডিসেম্বর থেকেই অসুস্থ এরশাদ। তিনি মাঝে মাঝেই নেতাকর্মীদের নাম মনে করতে পারেন না এবং খুব পরিচিতজনকেও চিনতে পারেন না। সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ফেরার পর থেকে তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় নন। সর্বশেষ নিজের সম্পত্তির বণ্টনও করেন। দলের নেতারা বলছেন, প্রায় নব্বই বছর বয়সী এরশাদের পক্ষে আর হয়তো দলের দায়িত্ব পালন করা সম্ভব হবে না।