পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জীবনিরাপত্তা বিধানে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘ জীববৈচিত্র্য সনদের আওতায় গৃহীত জীবনিরাপত্তাবিষয়ক কার্টাহেনা চুক্তিতে বাংলাদেশসহ বিশ্বের ১৭০টি দেশ স্বাক্ষর করেছে। গতকাল শনিবার সকালে রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে পরিবেশ অধিদপ্তর আয়োজিত জীবনিরাপত্তাবিষয়ক এক আন্তর্জাতিক কর্মশালায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আধুনিক জীবপ্রযুক্তির অপার সম্ভাবনা ও সুফলের পাশাপাশি পৃথিবীব্যাপী এর ঝুঁকি বিষয়েও নানা গবেষণা চলছে। আধুনিক জীবপ্রযুক্তিসংশ্লিষ্ট গবেষণা এবং এর প্রয়োগ যাতে মানুষসহ অন্যান্য জীবের কল্যাণে কাজে লাগে সে চেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, কার্টাহেনা চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ চুক্তি বাস্তবায়ন ও অনুসরণে ‘বায়োসেফটি রুলস অব বাংলাদেশ ২০১২’ এবং ‘বায়োসেফটি গাইডলাইন অব বাংলাদেশ ২০০৮’ প্রণয়ন করেছে। বিভিন্ন দেশের সঙ্গে তথ্য বিনিময়ের জন্য ইন্টারনেটভিত্তিক ‘বায়োসেফটি ক্লিয়ারিং হাউস’ গঠন করা হয়েছে। বায়োসেফটির নিয়ম বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সামর্থ্য অর্জনের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কর্মশালায় বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের বায়োসেফটি বিশেষজ্ঞ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।