রাজধানীর গুলিস্তানে রুনা আক্তার (৩০) নামে এক নারীর কান ছিঁড়ে দুল নিয়ে গেছে এক ছিনতাইকারী। গতকাল শনিবার সকালে রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে ছিনিয়ে নেওয়া দুলটি সিটি গোল্ডের বলে জানান রুনা আক্তার। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পরিবার নিয়ে থাকেন তিনি।
রুনা আক্তার দেশ রূপান্তরকে বলেন, ‘অসুস্থ থাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই মেয়ে ও ছোট বোনকে নিয়ে রিকশায় ঢাকা মেডিকেলে যাচ্ছিলাম। গুলিস্তান গোলাপ শাহ মাজার পার হওয়ার সময় হঠাৎ রিকশা ব্রেক করে। এ সময় পেছন থেকে হুডের ফাঁকা জায়গা দিয়ে এক ছিনতাইকারী বাম কানের দুল ধরে জোরে টান দেয়। কান ছিঁড়ে দুলটি নিয়ে যায়। ভয়ে আমি চিৎকারও দিতে পারিনি। কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। ওই অবস্থায় ঢাকা মেডিকেলে এলে চিকিৎসকরা কানের ক্ষতস্থানে সেলাই দেন।’ তিনি আরও বলেন, ‘কানের দুলটি সিটি গোল্ডের ছিল। এ জন্য থানা-পুলিশের ঝামেলায় যাইনি।’ ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, ওই নারীকে নাক, কান ও গলা বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।