বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহত

চট্টগ্রাম জেলার বাঁশখালীতে র‌্যাব সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। রোববার ভোরে উপজেলার পুঁইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মাশুকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, নিহত ব্যক্তির নাম বাহাদুর (৩২)। তিনি ছনুয়া গ্রামের জনৈক শাহ আলমের ছেলে। রোববার ভোররাতে র‌্যাবের একটি টহল দল ছোট ছনুয়া পুঁইছড়ি এলাকায় অভিযানে গেলে ডাকাত দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

এসময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করে। পরে ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে নিহত বাহাদুরের গুলিবিদ্ধ লাশ, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহত বাহাদুরের বিরুদ্ধে ডাকাতিসহ অন্তত ৭টি মামলা রয়েছে বলে জানান তিনি।